Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় বিএনপির কর্মী সম্মেলনে এমরান সালেহ প্রিন্স: “বিএনপি হিমালয়ের মতো অটল ও শক্তিশালী”

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
জুন ২৪, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি কচু পাতার ওপর পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী এবং জনগণের হৃদয়ে প্রোথিত একটি রাজনৈতিক দল।

 

তিনি বলেন, “জনগণকে বিভ্রান্ত করতে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। কিছু নবীন দল নিজেদের চারশত আসনের মধ্যে তিনশত আসন দখলে রাখার কথা বলছে, বিএনপিকে দিতে চায় পঞ্চাশ থেকে একশত আসন! এতই যদি আত্মবিশ্বাস থাকে, তবে তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে, দেখুন কে কতটা জনপ্রিয়।”

 

এসময় তিনি শাসকদলের সমালোচনা করে বলেন, “এক কাউয়া পালিয়েছে, আরেক কাউয়ার দেখা মিলেছে। প্রবাদ আছে, ‘পাগলের সুখ মনে মনে’। যারা কখনও জনগণের কাছে ভোট চায়নি, তারা এখন ভোট ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ঠিক করছে—এটা কী সেলুকাস!”

 

প্রিন্স আরও বলেন, “গত ১৫ বছর যারা আওয়ামী লীগকে বাতাস দিয়ে গেছে, তারাই এখন বলছে মানুষ নাকি ধানের শীষ চেনে না! আগামী নির্বাচনেই প্রমাণ হবে মানুষ ধানের শীষ চেনে কি না।”

 

তিনি অভিযোগ করে বলেন, “বিএনপি সংঘাত চায় না। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত করে, হিংসাত্মক বক্তব্য দিয়ে কিছু দল নির্বাচন প্রক্রিয়া প্রলম্বিত করতে চাইছে। লন্ডনে বৈঠকের পর যারা টাইমলাইন নিয়ে অখুশি, তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”

 

বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভোগের রাজনীতি নয়, ত্যাগ আর জনসেবার মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। চাওয়া-পাওয়ার রাজনীতি করে সফল হওয়া সম্ভব নয়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য।”

 

এসময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।