নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ মুছা শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মুছা শেখ সদর উপজেলার ভাটিয়া গ্রামের মৃত ওমর শেখের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।
তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে ওই দিন আদালতে পাঠানো হবে।

