Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কে নির্মাণ শেষের আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একাধিক স্ল্যাবে ফাটল ও ভাঙন দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, একটি স্ল্যাব ইটবোঝাই গাড়ির চাপে ভেঙেছে। অন্যদিকে, ত্রুটি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়।

সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ি আরব আলীর বাড়ি থেকে স্টিমারঘাট হয়ে দয়াল বাজার পর্যন্ত ১ হাজার ৪০ মিটার সড়ক নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, মাদবর বাড়ি সেতু থেকে দয়াল বাজারের শেষ অংশ পর্যন্ত সড়কের প্রায় অর্ধেক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে নির্মিত অংশের কয়েকটি ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে এবং কিছু স্ল্যাবে ফাটল দেখা দিয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬১৫ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিক্সন ট্রেডিং করপোরেশন। এ পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ নিয়ম অনুসরণ না করায় অল্প সময়ের মধ্যেই ড্রেনের স্ল্যাব ভেঙে যাচ্ছে। এতে সড়ক ও ড্রেনের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, নির্মাণকাজে সিমেন্ট ও বালু ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে তাঁদের মনে হচ্ছে। অনিয়মের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিক্সন ট্রেডিং করপোরেশনের মালিক আক্তারুজ্জামান বলেন, কাজ শেষ হওয়ার দুই দিন পর ইটবোঝাই একটি গাড়ি ড্রেনের ওপর দিয়ে যাওয়ায় একটি স্ল্যাব ভেঙে যায়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ কাজ যথাযথভাবে সংশোধন করে দিতে হবে।

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল ও ভাঙন দেখা দেওয়ায় প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই এবং ত্রুটি থাকলে তা সংশোধনের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।