বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাঁয়তারা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে রাকিবুল হাসান খান রাকিব বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে জামায়াত ইসলামীসহ কিছু অপশক্তি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টার মাধ্যমে তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত ও আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে চায়।” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও বেগবান করা হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হোসেন, আরিফুর রহমান ইরান, আসলাম হোসেন খোকোন, হানিফ তালুকদার লিটন, মাহামুদুল হাসান লিমন, মাহামুদুল হাসান রুমান, রাজিব খান, আমিনুল ইসলাম উজ্জল ও রিয়াজ শরীফ।
এ সময় রহমতপুর, চাঁদপাশা, কেদারপুর, মাধবপাশা, জাহাঙ্গীরনগর ও দেহেরগতি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতারা সরকারের দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

