স্টাফ রিপোর্টার, ভোলা
জুলাই পদযাত্রায় অংশ নিতে আজ (১৫ জুলাই) ভোলায় আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বরিশাল থেকে ভোলায় আসবেন তারা।
পরে এই কেন্দ্রীয় নেতারা ভোলা শহরে পদযাত্রা শেষ করে দুপুর ২টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। দলের কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে এনসিপি ভোলা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গসংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ৫ টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত বলেন, ভোলায় এই প্রথম এতজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সমাবেশ হতে যাচ্ছে। আজকের এই সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন সহ প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. ফয়সাল মাহমুদ শান্ত। দলীয় নেতারা জানান, ছাত্র-জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

