এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার কামালদী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালামাল বোঝাই একটি পিকআপ রাজৈরের টেকেরহাট থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বাস পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এর ঠিক পেছনেই থাকা হানিফ পরিবহনের আরেকটি বাস ওই পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বাসের যাত্রীসহ অন্তত ৬ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পিকআপ চালক শাকিব হোসেন (২১) ও তার সহযোগী আমির হামজা (১৭)–উভয়েই মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা–তাদের প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে সড়ক স্বাভাবিক করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

