বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর উপস্থিত থেকে তদারকি করেন। পলিথিন ব্যবহার ও বাজার এলাকায় অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
এ সময় বাজারসংলগ্ন রাজার খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে বাজার কমিটিকে সরাসরি নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

