সাতক্ষীরা জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি পালন করে।
এসময় সমাবেশে ছাত্রদের শ্লোগান ছিলো-তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার! কে বলেছে? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার!গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তাদের এমন শ্লোগানে মুখরিত হয় এলাকা।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক মোহাম্মদ আরাফাত হোসাইন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্য সচিব সুহাইল মাহাদিন, নাঈম বাবু,রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান তারা।
এছাড়া,আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

