দাউদ রানা – চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
দূর্গম সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান ।
ইউনিসেফের সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব মো: মামুনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ইউপি সচিব হাফিজুর রহমান এবং শিশু সুরক্ষা সমাজকর্মী গোলাম রব্বানীসহ অন্যরা।
সভায় উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শিশু সুরক্ষা কমিটি গঠন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা ভবিষ্যতে মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের অধিকতর নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

