স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত নুরইসলাম শেখ চর চিংগড়ী গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী শেখের ছেলে। তিনি পেশায় সিমেন্ট ব্যবসায়ী এবং স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছেন তাঁর পরিবার।
আহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, “আমার ছেলে নুরইসলামকে প্রকাশ্যে হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫-২০ জন জড়িত।”
আহত নুরইসলামকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে মোস্তফা ফকির ও ইকবাল হোসেন বলেন, “নুরইসলামকে মারধরের সঙ্গে আমরা জড়িত নই। এ ঘটনার পেছনে কলাতলা ইউনিয়নের দুই নেতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করেছে।”
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, “আমাদের একজন কর্মীকে সন্ত্রাসীরা নির্মমভাবে মারধর করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতর খোঁজ-খবর নিয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

