নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
‘‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি’’—এই স্লোগানে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। তারুণ্য উৎসবের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্রির বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় ও বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও কর্মকর্তাদের মাঝে চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ড. মুন্নুজান খানম বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও পরিবেশবান্ধব উপায়। গাছ পরিবেশকে দূষণমুক্ত রাখে, অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে হলে এখন থেকেই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা সকলে মিলে যদি এই উদ্যোগে অংশগ্রহণ করি, তবে আমাদের চারপাশ হয়ে উঠবে সবুজ, সুস্থ ও সুন্দর। একসাথে কাজ করে গড়ে তুলতে পারি একটি বাসযোগ্য ভবিষ্যৎ।”
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী ও কর্মীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

