হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
ভারতে পালানোর চেষ্টা করতে গিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ধরা পড়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আব্দুর সামাদ আজাদ (৩১)। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের চেকপোস্টে তিনি আটক হন।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, স্টপলিস্টে থাকা অবস্থায় আব্দুর সামাদের নাম শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, আব্দুর সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তার বিরুদ্ধে সদর থানায় সাতটি ফৌজদারি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যাচেষ্টা, মারধর, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি ও বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘনের অভিযোগ।
স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আব্দুর সামাদ রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশের সতর্ক নজরদারিতে সে পরিকল্পনা ব্যর্থ হয়।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অপরাধ করে অনেকেই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করায় এ ধরনের অপচেষ্টা থামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

