যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে যাত্রীবাহী একটি লোকাল বাসের চাকার নিচে পড়ে মারিয়া সুলতানা (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের এই দুর্ঘটনা ঘটে।
আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাসস্টপে দাঁড়িয়ে থাকা মারিয়া বাসে উঠতে গেলে বাস চালক তাড়াহুড়ো করে বাস ছেড়ে দিলে তার কোমরের ওপর দিয়ে বাসের পেছনের চাকা চলে যায়। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেলা ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কোতয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থলে এসে দ্রুত বাসের চালক ও হেলপারকে আটক করার কথা জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, যশোর-মাগুরা রুটের বাস মালিক ও চালকরা টিকিট বিক্রিতে হয়রানি এবং দ্রুতগতিতে বাস চালিয়ে যাত্রীদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। প্রশাসনের কাছে তাদের ১০ দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা চলছে।

