সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSFI) কর্মসূচির আওতায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩ (সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, অধ্যক্ষ আব্দুল গফুর, সাহাপুর ঢোলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন, মটরগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মেধা ও পারফরমেন্সকে স্বীকৃতি জানিয়ে এ ধরনের পুরস্কার তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

