অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগার পরিবার। এ উপলক্ষে বুধবার (২৩ জুলাই) গণগ্রন্থাগারের মিলনায়তনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে অংশ নিয়ে গ্রন্থাগার কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারীরা নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ট্র্যাজেডির সময় জীবন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেই জীবন উৎসর্গকারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরির বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে “জাতীয় বীর” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাগর। মোনাজাত পরিচালনা করেন কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি উবায়দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান। এছাড়াও গ্রন্থাগারের পাঠক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, এই দুঃখজনক দুর্ঘটনা শুধু একটি প্রতিষ্ঠান নয়, পুরো জাতিকে কাঁদিয়েছে। শিক্ষক মেহরিন চৌধুরির আত্মত্যাগ ও সাহসিকতা আজ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

