আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
আনন্দঘন ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদের সভাপতিত্বে সভার সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন হাফেজ মোঃ কামরুল ইসলাম।
সভায় ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের জন্য দোয়া করা হয়।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনি, হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, শহিদুল ইসলাম, আবু সাঈদ বিশ্বাস, রবিউল ইসলাম, মাহফিজুল ইসলাম আক্কাজ প্রমুখ।
বক্তারা বলেন, ২০২১ সালের নির্বাচিত কমিটি রাজনৈতিক মদদে গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে সাড়ে তিন বছর প্রেসক্লাব দখলে রেখেছিল। তারা লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে আত্মসাৎ করে প্রেসক্লাবের তহবিল শুন্য করে দেন। এমনকি সভাপতি পদ বিক্রির অভিযোগও সভায় উঠে আসে, যাকে অনেকে “লিচুতলা ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন।
বর্তমান কমিটির কার্যক্রম তুলে ধরে সাধারণ সম্পাদক জানান, শূন্য তহবিল থেকে শুরু করে গত ১১ মাসে ক্লাবের সদস্যদের জন্য ঈদ উপহার, সিলেট ভ্রমণ, ব্লেজার বিতরণ, প্রেসক্লাব ভবনের নতুন নির্মাণকাজ শুরু, এবং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রেসক্লাবের অগ্রযাত্রা দেখে একটি কুচক্রী মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বহিরাগত মাদকাসক্ত ও সমাজবিরোধীদের সাংবাদিকতার পরিচয় দিয়ে প্রেসক্লাব দখলের অপচেষ্টা চলছে।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ গঠনতন্ত্র অনুযায়ী আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে বিভ্রান্ত সদস্যদের মূলধারায় ফিরে এসে প্রেসক্লাবের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রেসক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন।

