হাসান শাহরিয়ার পল্লব পত্নীতলা, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহত স্বাধীন পশ্চিম পাটিচড়া গ্রামের রহমান সোনারের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে স্বাধীন মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় আকস্মিক বৃষ্টি শুরু হলে তিনি এবং মাঠে থাকা আরও চারজন অদূরে একটি আমবাগানের পাশে ডিপ টিউবওয়েলের ঘরে আশ্রয় নেন। ঘরে আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পরই বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

