পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এর পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে ‘অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধাবৃত্তি’। শিক্ষায় অনুপ্রেরণা জোগাতে ও প্রতিভা উৎসাহিত করতেই এই বৃত্তির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।
এ বছর মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন:
- মুমতাহিনা রহমান
- আসিফ আকতার
- সাবির মাহমুদ
- মো. মাহিদুল ইসলাম ঈমন
- মোসা. সাওদা খাতুন
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “এ ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় আগ্রহ ও প্রতিযোগিতা সৃষ্টি করবে। যারা বৃত্তি পাননি, তাদের আরও মনোযোগী হয়ে পরবর্তী সময়ে সুযোগ তৈরি করতে হবে।” তিনি আরও জানান, অন্যান্য বিভাগেও মেধাবৃত্তির উদ্যোগ গ্রহণ করা হবে এবং অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান বলেন, “প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই প্রথমবার মেধাবৃত্তি প্রদান করা হলো, যা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।”
এ সময় শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদারের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

