পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজিমুক্ত করতে অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (PR) নির্বাচনী ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “বাংলাদেশের মানুষ মুক্তি চায়। ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে কেবল ধোঁকা দিয়েছে। জনগণ এখন চাঁদাবাজি, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চায়। আগে হবে গণহত্যার বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন, আর সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে।”
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে তিনি বলেন, “যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘ নেই। অথচ বাংলাদেশে তারা অফিস খুলতে চায়। এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আমরা বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। যারা স্বাধীনতার পর ক্ষমতায় এসেছে, তারা সবাই জনগণকে হতাশ করেছে। মানব রচিত মতবাদের পরিবর্তে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
- ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান
- ইসলামী যুব আন্দোলন, পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম
- জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ, জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম
- ইসলামী ছাত্র আন্দোলন, পিরোজপুর জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ
- সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শাখার সভাপতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহ হাওলাদার
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

