বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. ওবায়দুল ইসলাম এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
আয়োজনে বক্তারা বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের অবদান গুরুত্বপূর্ণ। সেরা শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কৃত করার মাধ্যমে অন্যদের জন্য একটি প্রেরণার পরিবেশ তৈরি হয়।”
রাশেদ খান মেনন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর শিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা, চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার এবং বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ আহমেদ মুন্না।
অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।

