জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, শোকর্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস জেলা রোভার। শনিবার (২৬ জুলাই) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোকর্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে, শিখতে হবে এবং সেই আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। রোভার স্কাউটদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।”
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, এবং আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল।
জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো: সানাউল্লাহ সভাটি সঞ্চালনা করেন।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

