যশোর প্রতিনিধি
যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে (৪২) ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার রাত ৮:২৫ মিনিটে ঢাকা খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া, তালের টেক এলাকার একটি বাড়ি থেকে জনিকে আটক করা হয়। তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
যশোরের ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া জানান, জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করতেন। এছাড়াও জেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো, সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জনি যুবদলের কিছু নেতাকে বেনাপোল দিয়ে ভারতে পাঠানোর গুজব ছড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নাকাল করার চেষ্টা করেন বলে জানা গেছে।
তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

