স্টাফ রিপোর্টার ,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী সদর বাজারের কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে অর্পিতা সাহার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নিজের কার্যালয়ে তিনি এক প্রেস ব্রিফিংয়ে এই বক্তব্য প্রদান করেন। মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, “সম্প্রতি অর্পিতা সাহার মরদেহ একটি মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয়। তবে কিছু অসুস্থ মনস্ক মহল এই মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।”
তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে তারা নিহতের পিতা আনন্দ সাহার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “চিতলমারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছেন। এই সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
অর্পিতা সাহার পিতা আনন্দ সাহা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন এবং ছোটবেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। মৃত্যুর দিন তার মৎস্য ঘেরে যাওয়ার পর পরদিন মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে পারিবারিকভাবেই সৎকার সম্পন্ন করা হয়েছে।
চিতলমারী সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাদল সাহা বলেন, “অর্পিতা সাহার মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা একটি অপপ্রচারের অংশ। প্রকৃতপক্ষে তার মৃগী রোগের কারণে জলে পড়ে মারা গেছেন। এটি একটি সাধারণ মৃত্যু।”

