এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় পরিদর্শন ও অভিযান অব্যাহত রেখেছে। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শুভাশুনী, মদনপুর, নওয়াপাড়া, শিরাশিনী, লাউলাড়া ও আশেপাশের এলাকায় নেটপাটা অপসারণ ও কালভার্টের মুখের বাঁধ সরিয়ে ফেলার কাজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।
এ সময় ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, মশিয়ার রহমান এবং স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘেরমালিকদের বাধা সম্পর্কে অবহিত হন।
স্থানীয়রা জানান, বিভিন্ন ঘেরমালিক বর্ষাকালে কালভার্টের মুখ বন্ধ করে মাছচাষ করেন, যার ফলে মানুষের বাড়িঘরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “এ অঞ্চলে বর্ষাকালে যশোরের মনিরামপুর ও কেশবপুর থেকে ঢলপানি আসার কারণে জলাবদ্ধতা হয়। ভদ্রা নদীর তলদেশে পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছে, যার ফলে আমাদের এলাকায় পানি উঠানামা করতে পারে না।”
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, “জলাবদ্ধতা নিরসনে যা যা প্রয়োজন আমরা করবো। পানি চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঘেরমালিকদের কালভার্টের মুখ পরিষ্কার এবং নেটপাটা অপসারণ করার নির্দেশ দিয়েছি। এছাড়া এলাকায় জনসচেতনার জন্য মাইকিং করার পরামর্শ দিয়েছি।”

