স্টাফ রিপোর্টার, ভোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “বর্তমান উপদেষ্টা পরিষদ দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারেনি।”
আজ শনিবার (২৬ জুলাই) ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “দেশের অর্থনীতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। যারা জুলাই মাসে আহত হয়েছে, তাদের দেখতে পর্যন্ত হাসপাতালে যাওয়ার সময় নেই উপদেষ্টা পরিষদের সদস্যদের।”
সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “নানা রকম আতেলরা এখন পি.আর. পদ্ধতির মতো সংস্কার প্রস্তাব দিচ্ছে। এই আনুপাতিক ভোট ব্যবস্থার মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাচ্ছে তারা। মানুষ প্রার্থীর মুখ দেখতে চায়, তার অতীত দেখেই ভোট দিতে চায়। তাই কুচক্রী মহলের কথায় কান দেবেন না।”
নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেজর হাফিজ বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, উপদেষ্টা পরিষদের একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তাদের গোপন ইচ্ছা — এই সরকার যেন পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এভাবে একটি দেশ চলতে পারে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
সম্মেলনের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাদ হাফিজ আর্ক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুস রহমান, কেন্দ্রীয় সদস্য ও জেলা সমন্বয়ক আবু নাছের রহমত উল্লাহ, জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রায়সুল আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সম্মতিক্রমে মোঃ জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

