হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৪টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে।”
বিজিবির এই সফল অভিযানে এলাকায় মাদকবিরোধী বার্তা পৌঁছেছে এবং সীমান্তবর্তী জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

