এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ জুলাই) বিকেলে তালা উপজেলা পরিষদ মাঠে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকারের সভাপতিত্বে ও সংশ্লিষ্ট দপ্তর ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ লটারির কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুবনেতা সৈয়দ আজম ও মোঃ নাহিদ নাসিরসহ শতাধিক ব্যক্তি।
লটারির মাধ্যমে ওএমএস ডিলার হিসেবে মোঃ আনোয়ারুল ইসলাম, শেখ নুরুল আমিন ও মোঃ শিমুল নির্বাচিত হন।
এ সময় ইউএনও দীপা রাণী সরকার জানান, সরকারি পরিপত্র অনুযায়ী আবেদন সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। একই স্থানে একাধিক আবেদন থাকায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই পদ্ধতি গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, সরকারি কাজে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।

