হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী বদরুদ্দীন মুসলিম হাইস্কুল (বিএম হাইস্কুল)-এ এসএসসি পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র (Testimonial) দেওয়ার সময় প্রতি শিক্ষার্থী থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে কোনো রশিদ দেওয়া হচ্ছে না, যা সরকারি বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন।
এই ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতোমধ্যে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।
৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সামছুজ্জামান তার লিখিত অভিযোগে জানান, “আমার ছেলে মো. সাজিদুর জামান ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কলেজে ভর্তি করার জন্য যখন স্কুল থেকে প্রশংসাপত্র নিতে যাই, তখন আমাকে ৫০০ টাকা দিতে বলা হয়। রশিদ চাইলেও দেওয়া হয়নি।”
এমন অভিযোগ করেছেন স্কুলের আরও অন্তত ২০ জন শিক্ষার্থী। জানা গেছে, চলতি বছর বিএম হাইস্কুল থেকে ২৫৫ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছে। এর মধ্যে শতাধিক শিক্ষার্থী এরইমধ্যে রশিদ ছাড়া অতিরিক্ত অর্থ দিয়ে প্রশংসাপত্র নিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ বিষয়টি স্বীকার করে বলেন, “২০২২-২৩ শিক্ষাবর্ষে তৎকালীন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে কোনো লিখিত নীতিমালা বা বর্তমান কমিটির অনুমোদন নেই।”
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, “প্রশংসাপত্র প্রদানের ক্ষেত্রে অর্থ আদায়ের কোনো সরকারি নির্দেশনা নেই। এটি একটি গুরুতর অনিয়ম। ইতোমধ্যে দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের এমন আচরণে অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিভাবকদের বক্তব্য— “একদিকে শিক্ষা ব্যয় বেড়েছে, অন্যদিকে এভাবে অনিয়ম করে অতিরিক্ত টাকা আদায় করা একপ্রকার শোষণ।”

