মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪১ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে দৌলতপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজ তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। দুপুর ১টা ৫১ মিনিটে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এর আগে, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে তানভীর আরাফাতকে গ্রেপ্তার করা হয়। সেই থেকেই তিনি কুষ্টিয়া কারাগারে আটক ছিলেন।
উল্লেখ্য, এসএম তানভীর আরাফাত কুষ্টিয়ায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সমালোচিত হন। বর্তমানে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়।
দৌলতপুর থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বিএনপির প্রবীণ কর্মী কুদরত আলী ২০২০ সালের ২৩ জুলাই রাত ২টার দিকে নিজ বাড়ি মুন্সিগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপহৃত হন। এরপর ২৫ জুলাই ভোরে তার মরদেহ উদ্ধার করা হয় কুষ্টিয়া সদর হাসপাতালে, যেখানে তার শরীরে একাধিক গুলির চিহ্ন ও নির্যাতনের আলামত ছিল।
বাদী অভিযোগ করেন, কুদরত আলী এলাকায় জনপ্রিয় ও সক্রিয় বিএনপি কর্মী ছিলেন। তার এই জনপ্রিয়তা দমন করতে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ও সুবিধাভোগী পুলিশ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। মামলায় সাবেক এসপি তানভীর আরাফাতসহ পুলিশের ৬ জন কর্মকর্তা এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
প্রাথমিকভাবে মামলা করতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। বাদী আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এবং এসপি তানভীর আরাফাতের প্রভাব থাকায় কেউ মুখ খুলতে সাহস করেনি। তবে সরকার পরিবর্তনের পর আমরা মামলাটি দায়ের করতে পেরেছি।”
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, “এই মামলায় তানভীর আরাফাতের বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদন আদালতে করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করেছেন এবং তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়ার আরেক বিএনপি কর্মী সুজন মালিথা হত্যার ঘটনায়ও এস এম তানভীর আরাফাতের বিরুদ্ধে মামলা রয়েছে। সে মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

