মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর একজন আরোহী।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাঁদ বৈদ্যের ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুর শিকদার বাড়ির মো. সাইদুল ইসলাম (৩০), যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আহত ব্যক্তি চুয়াডাঙ্গার মাহবুব হোসেন (২৮), পেশায় তিনি একটি কোম্পানির কর্মকর্তা।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, দুর্ঘটনাটি ঘটে যখন রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রাজেশ্বর বৈদ্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত মাহবুব হোসেন বর্তমানে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি শেখ নুরুজ্জামান আরও জানান, দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত দুই মোটরসাইকেল আরোহী বরিশাল শহরে থাকতেন এবং আলাদা দুইটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা একটি সফর শেষে মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। তবে কে চালকের আসনে ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

