রাসেল আহমেদ,খুলনা
শহীদদের স্মরণ এবং চিকিৎসাসেবায় নিয়োজিতদের সম্মান জানাতে খুলনায় পালিত হলো ‘ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দিবস’। সোমবার (২৮ জুলাই) সকালে খুলনার শিববাড়ী মোড়ে শহীদ সাকিব রায়হান স্মৃতিস্তম্ভ চত্বরে এ উপলক্ষে এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে নানা শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। শিববাড়ীর পাশাপাশি দৌলতপুর এলাকাতেও একই ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাকিব রায়হানের পিতা শেখ মোঃ আজিজুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বিএনপি মহানগরের সভাপতি শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আহমেদ হামিম রাহাত ও জাস্টিস ফর জুলাই আন্দোলনের সংগঠক সাইফ নেওয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, অন্যদিকে চিকিৎসা পেশার সঙ্গে যুক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

