Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধ বেনাপোল বন্দরে ঝুঁকির মুখে কোটি টাকার পণ্য

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ২৮, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

টানা ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড ও খোলা ইয়ার্ডে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য এখন চরম ঝুঁকিতে। এ অবস্থায় বন্দর রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা।

দেশের ৮০ শতাংশ স্থলবাণিজ্য পরিচালিত হয় এই বন্দর দিয়ে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাকে ভারত থেকে পণ্য আসে বেনাপোলে। বন্দরে বর্তমানে ৩৩টি শেড, ৩টি ওপেন ইয়ার্ড এবং একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড রয়েছে। তবে বছরের বেশিরভাগ সময়ই এসব স্থানে জলাবদ্ধতা লেগেই থাকে, যার মূল কারণ পরিকল্পনাহীন অবকাঠামো ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা।

গত ১৪ জুলাই থেকে টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্দরের ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর শেডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাঁটু পানি জমে প্লাবিত হয়ে পড়ে। এতে খোলা ইয়ার্ডে রাখা পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পণ্যবাহী যান চলাচলেও দেখা দিয়েছে মারাত্মক বিঘ্ন।

এই সংকটপূর্ণ সময়ে বন্দরের নিরাপত্তা রক্ষায় আনসার বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। ঝড়-বৃষ্টি আর জমে থাকা পানির মধ্যেও তারা সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বন্দরের প্লাটুন কমান্ডার হেলাল উজ্জামান বলেন, “জলাবদ্ধতার মধ্যে ২৪ ঘণ্টা পানিতে দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে আমাদের। ইতোমধ্যে বেশ কয়েকজন সদস্য ঠান্ডা, সর্দি ও ত্বকের রোগে আক্রান্ত হয়েছেন। অথচ প্রশাসনের কেউ আমাদের খোঁজ নিচ্ছে না।”

নিতা কোম্পানি লিমিটেডের অফিস সহকারী মো. আকরাম হোসেন বলেন, “এই অবস্থায় আনসার সদস্যরা যদি দায়িত্বে অবহেলা করতেন, তাহলে কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যেত। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, “বন্দরে আনসার বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি পয়েন্টে তাদের ছাউনি ও পর্যাপ্ত সুরক্ষা থাকা জরুরি। তাদের কাজের স্বীকৃতি দেওয়া উচিত প্রশাসনের।”

বর্তমানে বেনাপোল বন্দরে এক প্লাটুন আনসার বাহিনী কাজ করছে, যার মধ্যে আছেন একজন প্লাটুন কমান্ডার, ছয়জন এপিসি ও ১৫৮ জন সদস্য। সীমিত সুবিধা, বেতন ও স্বীকৃতির অভাব সত্ত্বেও তারা দায়িত্ব পালনে কোনো ঘাটতি রাখছেন না।

স্থানীয়রা বলছেন, বন্দর উন্নয়ন প্রকল্পের পাশাপাশি এখানে কর্মরতদের নিরাপত্তা, প্রশিক্ষণ ও প্রণোদনায় গুরুত্ব দেওয়া উচিত। নইলে ভবিষ্যতে যে কোনো দুর্যোগে বন্দর কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।