যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া থানার মাত্র ২০০ গজ দূরে এক দোকানের ভিতর গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন শাহজাহান (৩৫) নামের এক মাদকসেবী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে বাঘারপাড়া উপজেলা সদরের থানা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার।
আটককৃত শাহজাহান বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ইউএনও শোভন সরকার বলেন, “আটক শাহজাহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, থানা সংলগ্ন এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।

