যশোর প্রতিনিধি
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সম্ভাব্য টেকসই সমাধান খুঁজতে গণপ্রজাতন্ত্রী চীনের চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের একটি ছয় সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল মঙ্গলবার যশোর সফর করেছেন।
সকাল সাড়ে ১০টায় যশোর সার্কিট হাউজের হলরুমে আয়োজিত এক সভায় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সভায় যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী ভবদহ সমস্যার পটভূমি, বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সমাধান বিষয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, পুলিশ সুপার রনক জাহান, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা।
পরবর্তীতে প্রতিনিধি দলটি সরেজমিনে ভবদহ ২১-ভেন্ট সুইচ গেট (অভয়নগর) এবং আগরহাটি–শৈলগাতী ব্রিজ এলাকা (কেশবপুর) পরিদর্শন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কৃষি, জনজীবন ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। চীনের পানি ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রতিনিধিদের এই সফর ও পর্যবেক্ষণ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে নতুন দিকনির্দেশনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

