শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই টুর্নামেন্টে দশম শ্রেণির শিক্ষার্থীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের এডহক কমিটির সভাপতি বুলবুল খান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নিলা প্রসাদ গোস্বামী, এডহক কমিটির সদস্য মিজানুর রহমান শেখসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা।

