যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন হুমাইরা ভিলা নামের তিনতলা ভবনের নিচতলার একটি ইউনিটে।
আহতরা হলেন,ভাড়াটিয়া গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), তার দুই ছেলে রবিউল শেখ (১৯) ও রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) ও তাসফিয়া (২), বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্বাস উদ্দীন (৩৯)।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ককশিট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে শ্রমিকেরা কাজ করার সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ৭ জনের দগ্ধ হয়। স্থানীয়রা খবর দিয়ে ফায়ার সার্ভিসকে জানান। দুই ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অচিন্ত কুমার পাল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজিম উদ্দীন বলেন, নিচের ইউনিটে বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

