কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মহল্লায় লাকড়ি রাখার ঘর থেকে জেসমিন আক্তার (৩০) নামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়দের দেয়া খবরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন জেসমিন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে রান্নার জন্য লাকড়ির ঘরে প্রবেশ করলে শাশুড়ি প্রথমে ঝুলন্ত অবস্থায় জেসমিনের
মরদেহ দেখতে পান। পরে খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত জেসমিন ছিলেন কুলিয়ারচর পৌর এলাকার দিনমজুর জাকির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। দুই সন্তানের জননী জেসমিন সংসারের খরচ চালাতে স্থানীয় একটি সিগারেট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।
নিহতের ভাই মফিজ মিয়া অভিযোগ করে বলেন, তার ভগ্নিপতি জাকির হোসেন প্রায়ই নেশার টাকার জন্য জেসমিনের ওপর চাপ সৃষ্টি করতেন। টাকা না দিলে তাকে শারীরিক নির্যাতনও করতেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে
মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

