Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে আড়িয়াল খাঁ নদে ভাঙন, অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নবনির্মিত সেতু রক্ষায় জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিবচরের উৎরাইল-শিবচর সড়কের গুরুত্বপূর্ণ ‘লিটন চৌধুরী সেতু’র পাশ ঘেঁষে নদী ভাঙন দেখা দিয়েছে। এর কারণ হিসেবে তাঁরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদীর শাসন বাঁধ না থাকাকে দায়ী করেন। বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেতুটি রক্ষার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, বর্ষা শুরু হওয়ার পর থেকেই আড়িয়াল খাঁ নদে পানির প্রবাহ ও স্রোতের তীব্রতা বেড়েছে। সেতুর দক্ষিণ পাশে নয়াবাজার সংলগ্ন এলাকায় নদীর পাড়ে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে, যার ফলে ইতোমধ্যে সেতুর সংলগ্ন স্থানে বেশ কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

২০২৩ সালের ৪ নভেম্বর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়া এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অর্থায়নে নির্মিত হয়। প্রায় ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫৫০ মিটার দৈর্ঘ্য ও ৯.৮০ মিটার প্রস্থের এই সেতুটি ১১টি স্প্যান ও ৯টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। সেতুর পাইল সংখ্যা ১২৩টি, প্রতিটির দৈর্ঘ্য ৪৮ মিটার। এছাড়া সেতুর সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় ১.৫০ কিলোমিটার। নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে মোঃ মঈনউদ্দীন বাঁশি ও হামিম ইন্টারন্যাশনাল।

সেতুটি নির্মাণের ফলে শিবচরের সদর থেকে দত্তপাড়া, শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। তবে নদীভাঙন ও বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সেতুটি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।