আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পূর্বের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৪ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটক জিয়াউর রহমান উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে। তিনি দুবলাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত ও গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালনে গেলে এলাকাবাসী তাকে অফিসকক্ষে ঢুকিয়ে বাইরে তালা ঝুলিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিয়াউর রহমানকে থানায় নিয়ে যায়।
এ সময় জিয়াউর রহমান নিজস্ব ফেসবুক প্রোফাইলে লাইভে এসে অভিযোগ করেন যে, তাকে জোরপূর্বক অবরুদ্ধ করে রাখা হয়েছে। একইসঙ্গে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, স্থানীয়রা জিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে করা একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

