নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা কারাগারে কারা হেফাজতে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই চিকিৎসক।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় আটক ছিলেন জাকির হোসেন নবাব। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যুর খবর শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাননি তিনি।
জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

