মোল্লাহাট ও চিতলমারী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মোল্লাহাট পোস্ট অফিস চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও শতাধিক পিকআপ এবং মাইক্রোবাসযোগে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি ফকিরহাটে পৌঁছে স্থানীয় নেতাকর্মীদের সংযুক্তির পর চিতলমারীতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।” তিনি নির্বাচিত হলে বেকার সমস্যা নিরসনে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়ন এবং যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, “সত্যিকারের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, ইনশাআল্লাহ।” তিনি তার অতীত কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে তিনি চিতলমারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা প্রতিকূলতার মাঝেও জনগণের আস্থা অর্জন করেন।
পথসভাগুলোতে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতী রফিকুল ইসলাম ও চিতলমারী উপজেলা সভাপতি আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতী জাকির আশরাফি।

