গাইবান্ধা প্রতিনিধি
“ভালো ছাত্র হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে” — এমন আহ্বান জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। তিনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সব ধরনের অন্যায় থেকে দূরে রাখতে হবে।
সোমবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘এসো মিলি জীবনের জয়গানে’ শীর্ষক দিনব্যাপী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে এই অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানু। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী ও সাংবাদিক ময়নুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী ও সাংবাদিক রিক্তু প্রসাদ এবং শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার।
আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ এই অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে নজর কাড়ে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও মূল্যবোধের উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মো. শামসুল হক।

