মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি। সোমবার রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সারজিস আলমের দেয়া এক বক্তব্যকে “মিথ্যা ও মানহানিকর” বলে দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সম্প্রতি পঞ্চগড়ের একটি শ্রমিক সংগঠনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এনসিপি নেতা সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পরে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপি নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল ও সাধারণ জনগণ।
বক্তব্যে সারজিস দাবি করেন, ভজনপুর এলাকায় পাথর বহনকারী প্রতিটি ট্রাক থেকে বিএনপি নেতাদের নেতৃত্বে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়, যা প্রতিদিন লক্ষ টাকায় পৌঁছায়। এছাড়া, বন্দরে শ্রমিকদের পাওনা অর্থ থেকেও একটি অংশ কেটে নিয়ে বিএনপি নেতারা চাঁদাবাজি করেন বলে অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে নেতারা জানান, ভজনপুরসহ অন্যান্য পাথর ও বালু মহাল সরকারি ইজারা ভিত্তিতে পরিচালিত হয়। সেখানে নির্ধারিত হারে ইজারাদারগণ ট্রাকপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা মাশুল গ্রহণ করেন। এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপির কোনো নেতা বা সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
বক্তারা সারজিস আলমের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের মিথ্যা প্রচারণা দলের সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র মাত্র। ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য না দিতে সারজিস আলমকে সতর্ক করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, পঞ্চগড় পাথর-বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী, ও বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ প্রধানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

