নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের সেমিস্টারভিত্তিক পরীক্ষা-২০২৪ আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে।
সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে মোট ২৮৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত মোট ২,৬১,৫৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ১,৫০,৩২৬ জন পুরুষ এবং ১,১১,২৫২ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবারের মতো এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও বাউবির পক্ষ থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, যাতে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।

