বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে জমি লিজ সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ডাকাত সাজিয়ে সোহেল খান (৩৫) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, জমি লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় প্রভাবশালী শাহীন হাওলাদার ও তার সহযোগীরা সোহেল খানকে ২৭ সেপ্টেম্বর রাতে ফোন দিয়ে ডেকে নেয়ার পর তাকে ডাকাত সাজিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের পরিবার জানায়, গত বছর সোহেল খান তার একটি জমি তরমুজ চাষের জন্য শাহীন হাওলাদারকে লিজ দিয়েছিলেন। কিন্তু ওই বছরের বকেয়া টাকা পরিশোধ না করায় চলতি বছরে তিনি জমিটি নিজেই চাষাবাদ করেন। এ নিয়েই দ্বন্দ্ব শুরু হয়।
পরিবারের অভিযোগ, শাহীন হাওলাদার সোহেলের জমিতে গরু ও মহিষ দিয়ে কৃষি ক্ষতি সাধন করে এবং জমির শ্রেণী বিন্যস্ত করার চেষ্টা চালায়। এ বিষয়ে সোহেল প্রতিবাদ করলে শাহীনের সঙ্গে তার বাক-বিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি সোহেলের পরিবারের।
বাকেরগঞ্জ থানা পুলিশ ৯৯৯ কলের মাধ্যমে জানতে পারে কবাই ইউনিয়নে একজন ডাকাত আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন তাকে পিটিয়ে হত্যা করছে এই খবর পেয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ নিহত সোহেল খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সোহেল খানের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাওয়া হয়েছে। তারা জানান, সোহেল খানের একমাত্র “অপরাধ” ছিল নিজের জমিতে নিজেই চাষ করা। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

