বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসেন। এ সময় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, ওয়ার্ডের পরিবেশ, রোগীদের সেবা গ্রহণের অবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি হাসপাতালের অপর্যাপ্ত সুবিধা ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে, তাহলে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে জনসাধারণের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, সেক্রেটারি ইদ্রিস হাসানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়নের দাবিও জানান।

