মো: জসিম উদ্দিন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে একটি চুরির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের প্রকাশ্য হুমকির শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধিকে । পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. দেলোয়ার হোসেন (সভাপতি, প্রেসক্লাব দুমকি) গতকাল রাতে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকের জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেন তাঁর সহযোগী, দৈনিক আমারদেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলামকে নিয়ে ঘটনাস্থলে যান। সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আসেন এবং আটক হওয়া চোরকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে গোলাম সরোয়ার উত্তেজিত হয়ে ওঠেন। তিনি প্রকাশ্যেই সাংবাদিকদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এই সময় সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ জানায় ঘটনার পরপরই সাংবাদিক মো. দেলোয়ার হোসেন দুমকি থানায় গিয়ে গোলাম সরোয়ারের বিরুদ্ধে জিডি (414GMO) দায়ের করেন। স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে এমন প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে দায়ী গোলাম সরোয়ারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

