দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্পের একটি টহল দল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রায়ন এলাকার সীমান্তসংলগ্ন পোল্ট্রি মোড় চরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় শুটার গান, দুটি বড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরি।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

