নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় বালুবোঝাই লাটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম মোল্যা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কাশিপুর ইউনিয়নের ফেদী-এড়েন্দা আঞ্চলিক সড়কের এড়েন্দা সুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মোল্যা বসুপটি গ্রামের দাউদ মোল্যার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এড়েন্দা বাজারের দিকে রওনা হন। পথে এড়েন্দা সুইচ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ইঞ্জিনচালিত লাটা গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

