Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্র এলাকায় দুই পক্ষের উত্তেজনার মধ্যে মহিবুজ্জামান কচি (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। নগরের হাজী মহসিন রোড বাইলেনে তার বাসা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে আলিয়া মাদরাসার একাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছিল। তার দাবি, আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের পক্ষে প্রচারণায় যুক্ত ছিলেন। এ নিয়ে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে কচি গাছের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মারা যান বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান। তিনি বলেন, তাদের নারী কর্মীদের কেন্দ্র এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। এতে বাধা দিলে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে শুনেছেন তিনি মারা গেছেন। ধাক্কা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, মাদরাসার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করলে বিষয়টি স্পষ্ট হবে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং এ বিষয়ে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

কেন্দ্রের দায়িত্বে থাকা সদর থানার এসআই খান ফয়সাল রাফি জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়। সেখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা তারা দেখেননি বলেও জানান তিনি। পরে একজনকে সিএনজিচালিত অটোরিকশায় করে সরিয়ে নেওয়া হয়।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, মহিবুজ্জামান কচিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, জামায়াত-সমর্থিত এক ব্যক্তির ধাক্কায় কচির মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি অন্য একটি কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কয়েকজন নারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে দেওয়ার ঘটনা দেখে সবাইকে সরে যেতে বলেন। কাউকে ধাক্কা দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

খুলনা-2 আসনে জামায়াতের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, মহিবুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তারা জেনেছেন। এ ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।